পুলিশের গুলিতে নিহত যুবদল নেতার পরিবার পেল নতুন ঘর

ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি নতুন ঘর উপহার দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের জগতজীবনপুর গ্রামের ভোরবাজার এলাকায় নিহত হারুনের পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, ২০১৩ সালের ৪ ডিসেম্বর বুধবার বিকেলে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে বিএনপির ডাকা হরতালের সমর্থনে যুবদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে পুলিশ ও বিজিবি সদস্যরা ধাওয়া দিলে বহুপক্ষীয় সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরিস্থিতি ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে যুবদল নেতা হারুনুর রশিদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন।
হারুনুর রশিদের মৃত্যুর পর পরিবারটি চরম আর্থিক দৈন্য ও মানবিক সংকটে পড়ে। বিষয়টি ‘আমরা বিএনপি পরিবার’-এর নজরে এলে তাদের জন্য একটি স্থায়ী ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তারই অংশ হিসেবে রোববার ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ঘরটির নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় চাবি হস্তান্তর করা হয়।
ফেনী সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির বলেন, রাজপথের শহীদের পরিবারের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই আজ আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। বিএনপি সব সময় এই পরিবারটির পাশে থাকবে।
ঘটনার সময়ের স্মৃতিচারণ করে ফরহাদনগর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও তৎকালীন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, হারুন নিহত হওয়ার পর তৎকালীন সরকার ও পুলিশ প্রশাসন পরিবারটিকে কোনো সুবিচার তো দেয়-ই নি, উল্টো পুলিশের পক্ষ থেকে মামলা দিয়ে দলীয় লোকজনকে নানাভাবে হয়রানি করা হয়েছিল। দীর্ঘদিন পর হলেও দল থেকে দেওয়া এই সহায়তায় পরিবারটি অন্তত মাথা গোঁজার ঠাঁই পেল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব ও আবু তালেব, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মকছুদুল মোমিন মিথুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

