জামালপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি সার বিক্রির দায়ে এক বিএডিসি ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।
অভিযান সূত্রে জানা যায়, কৃষকদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে বাজিতপুর এলাকার বিএডিসি অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান ‘এস এন ট্রেডার্সে’ অভিযান চালানো হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি সার বিক্রির সত্যতা পাওয়া যায়।
পরে ডিলার মনতাজুর আলীকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষকদের স্বার্থরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


