মাদক-জুয়ার আসামিদের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা লালমনিরহাটের আইনজীবীদের

এশিয়া পোস্ট নিউজ, লালমনিরহাট
মাদক-জুয়ার আসামিদের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা লালমনিরহাটের আইনজীবীদের
আইনজীবীদের সংবাদ সম্মেলন। বৃহস্পতিবার সকালে লালমনিরহাট আইনজীবী সমিতির কার্যালয়ে। ছবি: এশিয়া পোস্ট

মাদককাণ্ড ও জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার আসামিদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে লালমনিরহাট আদালত চত্ত্বরে অবস্থিত সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি কে এম হুমায়ুন রেজা স্বপন।

তিনি বলেন, সীমান্তবর্তী জেলা হিসেবে লালমনিরহাটে মাদকের আগ্রাসনে সমাজিক অবক্ষয় দেখা দিয়েছে। সমাজ বিনির্মাণে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ‘আলোকিত লালমনিরহাট’ নামে একটি সামাজিক আন্দোলন শুরু করেছেন। সেই আন্দোলনে ইতোমধ্যে মন্ত্রী নিজে ও তার কমিটির সদস্যরা বেশকিছু মাদকসেবীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছেন।

আইনজীবী হুমায়ুন রেজা বলেন, সেই সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হয়ে জেলা আইনজীবী সমিতির সদস্যের ঐক্যমতের ভিত্তিতে আগামী এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেপ্তারকৃতদের পক্ষে কোনো ধরনের আইনি সহায়তা দেবেন না। এ ঘোষণা কেউ অমান্য করলে সমিতির নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থাসহ তাকেও মাদকসেবী হিসেবে গণ্য করা হবে।

এক প্রশ্নের জবাবে সমিতির সভাপতি বলেন, বিএনপি বা আওয়ামীপন্থি বলে কথা নেই আইনজীবী সমিতিতে। এ সমিতির সব সদস্য এ সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা মেনে চলবেন। সুতরাং এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেপ্তারকৃতরা আইনজীবীদের মাধ্যমে কোনো ধরনের আইনি সহায়তা পাবেন না। সমিতি চাইলে এ সময় বাড়ানো হতে পারে।

অপর এক প্রশ্নের জবাবে সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, আইনজীবীরা সহায়তা না করলে আসামিদের জামিনে কিছুটা ভাটা পড়বে। তারা হাজতবাস করলে অপরাধবোধ থেকে মাদককে না বলবে। মূলত অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করতে আইনজীবী হিসেবে দায়তদ্ধতা থেকে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। গ্রেপ্তারকৃত আসামিরা চাইলে আইনজীবী ছাড়া নিজেরা আইনি লড়াই করতে পারবেন। সেক্ষেত্রে সমিতি হস্তক্ষেপ করবে না।