logo

অস্ত্র-চাপাতি হাতে মহড়ার পর ‘কিশোর গ্যাংয়ের’ ৫ সদস্য গ্রেপ্তার

অস্ত্র-চাপাতি হাতে মহড়ার পর ‘কিশোর গ্যাংয়ের’ ৫ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া ও আতঙ্ক সৃষ্টির ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে। তবে এই চক্রের সঙ্গে শতাধিক সদস্য জড়িত থাকতে পারে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

এর আগে, গত শনিবার (৪ এপ্রিল) বিকেলে শহরের কোতোয়ালি থানার ঠাকুরপাড়া মদিনা মসজিদ রোড এলাকায় একদল কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয়।

গ্রেপ্তাররা হলেন—ফরহাদ হোসাইন (২২), ইব্রাহিম হোসেন জসিম (২২), শাহাদত হোসেন শান্ত (১৯), তানভীর আহম্মেদ (১৬) এবং সাজ্জাদ হোসেন ওরফে রিতিক (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল বিকেল চারটার দিকে একদল কিশোর গ্যাং সদস্য দেশীয় ধারালো অস্ত্র—চাপাতি, রামদা, হাসুয়া ও এসএস পাইপ দিয়ে তৈরি অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয়। এ সময় তারা পটকা বিস্ফোরণ, শোডাউন ও মিছিল করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে বিসিক শিল্পনগরীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে।

ওসি তৌহিদুল আনোয়ার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নোনাবাদ পুকুরের পূর্ব পাড় থেকে চারটি রামদা ও হাসুয়া এবং একটি এসএস পাইপ উদ্ধার করা হয়েছে।