logo

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা ক্ষতবিক্ষত

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা ক্ষতবিক্ষত
কক্সবাজারের উখিয়া সীমান্তের শূন্যরেখা এলাকা। ছবি: এশিয়া পোস্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে শূন্যরেখার অভ্যন্তরে (মিয়ানমার অংশে) স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের পা ক্ষতবিক্ষত হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পালংখালী ইউনিয়নের বিআরএম-১৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন শূন্যরেখার মিয়ানমার অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে।

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত যুবকের নাম হামিদ হোসেন (৩০)। তিনি উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-২৭ ব্লকের বাসিন্দা মৃত কামাল হোসেনের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে উখিয়ার পালংখালী সীমান্তে শূন্যরেখা থেকে আনুমানিক ২৫০ গজ মিয়ানমারের অভ্যন্তরে আকস্মিক একটি স্থলমাইন বিস্ফোরিত হয়। এতে হামিদ হোসেনের ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ ক্ষতবিক্ষত হয় এবং বাঁ পায়েও আঘাত লাগে।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, আহত অবস্থায় হামিদ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়দের সহায়তায় বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১ অক্টোবর পর্যন্ত উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্টে ৪০টির বেশি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বিজিবির এক সদস্যসহ অন্তত ৫ জন নিহত এবং ৪২ জনের বেশি আহত বা পঙ্গুত্ব বরণ করেছেন।