বরিশালে পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ও শুক্রবার সকালে উপজেলার কটকস্থল ও দক্ষিণ বিজয়পুর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকার শারমিন ক্লিনিকের সামনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফাত রহমান বাবু (৩২) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী আসাদুল ইসলাম (৩১) গুরুতর আহত হয়েছেন।
নিহত আরাফাত রহমানের দুই সন্তান রয়েছে। তিনি আশোকাঠী গ্রামের বাসিন্দা এবং বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত পুত্র। আহত আসাদুল ইসলাম একই গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী ‘তাজবী পরিবহন’ নামের বাসটি শারমিন ক্লিনিকের সামনে থাকা স্পিডব্রেকার অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরাফাত রহমান বাবুকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত আসাদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে একই মহাসড়কের কটকস্থল এলাকায় আরেক দুর্ঘটনায় নিহত হন মেহেদী হাসান তুরাগ (৩২)। তিনি বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে এবং বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতির ছোট ভাই।
তুরাগের সঙ্গে থাকা বন্ধু তরিকুল ইসলাম জানান, চার বন্ধু দুটি মোটরসাইকেলে চড়ে ঢাকা থেকে বাবুগঞ্জের গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। কটকস্থল এলাকায় পৌঁছালে তুরাগের মোটরসাইকেলটি মহাসড়কের মাঝখানে থাকা একটি খাদে পড়ে যায়। এতে তিনি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, শুক্রবারের দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। তবে বৃহস্পতিবার রাতের দুর্ঘটনায় জড়িত ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। উভয় ঘটনাতেই আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

