logo

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত
যাত্রীবাহী বাসের ধাক্কায় ময়মনসিংহের দুর্ঘটনাস্থলে দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজীব পরিবহনের বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। দুপুর দেড়টার দিকে বাসটি আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুসহ সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়েছে। নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা চলছে।