কুয়াকাটায় ঘুরতে গিয়ে ভ্যান উল্টে নারী চিকিৎসক নিহত

কুয়াকাটায় পর্যটকবাহী ইঞ্জিনচালিত ভ্যান উল্টে নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরেক চিকিৎসক।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটার মিশ্রিপাড়া বৌদ্ধবিহারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিলা নুসরাত ৪২তম বিসিএসে উত্তীর্ণ হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। আহত চিকিৎসক ডা. মাইনুল ইসলাম শুভ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত। তিনি নিজেকে নিহত নাবিলার স্বামী হিসেবে পরিচয় দিয়েছেন।
আহত ডা. মাইনুল ইসলাম শুভ জানান, শুক্রবার তারা ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে আসেন। সেখানে ওশান ভিউ হোটেলে অবস্থান করেন। পরদিন বিকেলে ইঞ্জিনচালিত ভ্যানে করে মিশ্রিপাড়া বৌদ্ধবিহারের উদ্দেশ্যে রওনা হন। পথে একটি বিড়াল ভ্যানের চাকার নিচে পড়লে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভ্যানটি উল্টে যায় এবং যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।
এ সময় নাবিলা নুসরাতের মাথা ভ্যানের নিচে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তুলাতলী হাসপাতালে নিয়ে যান। পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ইসিজি পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা পলি সাহা বলেন, আমাদের এখানে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। গাছের সঙ্গে ধাক্কা লেগে তার মাথার পেছনের অংশে গুরুতর জখম হয়েছে। এতে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। নিহতের সঙ্গে থাকা ব্যক্তি নিজেকে তার স্বামী হিসেবে পরিচয় দিয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

