এনসিপির সমাবেশে ককটেল হামলার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

এশিয়া পোস্ট নিউজ, খুলনা
এনসিপির সমাবেশে ককটেল হামলার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ
খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন এনসিপির নেতাকর্মীরা। ছবি: এশিয়া পোস্ট

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত সমাবেশে ককটেল হামলার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপির খুলনা জেলা ও মহানগর শাখা।

রোববার (৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নগরের শিববাড়ি মোড় থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এনসিপির খুলনা জেলা শাখার প্রধান সমন্বয়কারী হাফেজ মাহমুদুল হাসান ফয়জুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর সংগঠক ডা. আব্দুল্লাহ চৌধুরী, ফরিদ পাঠান এবং জাতীয় যুবশক্তি খুলনা জেলা শাখার সদস্য সচিব সরদার তুহিনুজ্জামান সোহাগ।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি খুলনা মহানগরের সংগঠক সামসুল আরেফিন লিওন ও হাসানুর রহমান, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগীয় সংগঠক মহাম্মাদুল্লাহ হাফেজী আরিয়ান, জাতীয় ছাত্রশক্তি খুলনা মহানগরের সদস্য সচিব মেহেদী হাসান সাইমুন, মুখ্য সংগঠক সাকিবুল ইসলাম, নারীশক্তির সংগঠক রুমি রহমান, মোসা. জাকিয়াসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, সাভারে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়। এ ধরনের হামলা প্রমাণ করে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা ও সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না।

বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিষয় :খুলনা