মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠল বৃদ্ধের মরদেহ

এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠল বৃদ্ধের মরদেহ
মনু নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে লোকালয়। ছবি: এশিয়া পোস্ট

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মনু নদীর বাঁধ ভেঙে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বেশ কয়েকটি গ্রাম। বন্যার পানিতে ভেসে ওঠা আশরাফ আলী নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে রাজনগরের আকুয়া গ্রাম এলাকায় মনু নদীর প্রতিরক্ষামূলক বাঁধের একটি অংশ ভেঙে তীব্র বেগে পানি ঢুকতে শুরু করে। লোকালয়ে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

স্থানীয় টেংরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়া জানান, বৃহস্পতিবার রাতে বাঁধ ভেঙে হঠাৎ পানি ঢোকায় কয়েকটি গ্রাম দ্রুত প্লাবিত হয়। রাতে আটকা পড়ার পর সকালে আশরাফ আলীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। হঠাৎ বাঁধ ভেঙে এমন আকস্মিক প্লাবনে এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।