মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কা, প্রাণ গেল যুবকের

দিনাজপুরের বীরগঞ্জে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিমল দেবনাথ (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিমল দেবনাথ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী এলাকার রাঙ্গালীপাড়া গ্রামের রমেশ দেবনাথের ছেলে। আহতরা হলেন নিহত বিমল দেবনাথের স্ত্রী দীপ্তি দেবনাথ এবং একই উপজেলার শতগ্রাম ইউনিয়নের মুচিবাড়ি সরকারপাড়া গ্রামের রাকিবুল ইসলামের স্ত্রী রোজিনা আক্তার।
স্থানীয়রা জানান, বিমল দেবনাথ, তার স্ত্রী দীপ্তি দেবনাথ ও রোজিনা আক্তার নীলফামারীর উত্তরা ইপিজেডে কাজ করতেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তারা নীলফামারী থেকে মোটরসাইকেলে করে বাড়ির যাচ্ছিলেন। পথে সাহেবগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা বিমল দেবনাথ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন তার স্ত্রী দীপ্তি দেবনাথ ও রোজিনা আক্তার। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।