সিআইডি পরিচয়ে প্রতারণা, ওয়াকি-টকিসহ গ্রেপ্তার ৩

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তাল্লিব সরকার। এর আগে সকালে সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নাঈম মিয়া (২০), রাকিবুল ইসলাম (১৮) ও শেখ শাদিউল ইসলাম (২০)। তাঁরা সবাই ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে তিন যুবককে আটকে রেখেছিলেন স্থানীয় ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের নিজেদের হেফাজতে নেয়।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের সময় ওই তিন যুবকের কাছ থেকে ভুয়া সিআইডি অফিসের আদেশপত্র, দুটি ওয়াকি-টকি, পুলিশের লোগোযুক্ত মাস্ক, গ্লাভস ও সার্জিক্যাল সামগ্রীসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিদেশি ডলার ক্রয়-বিক্রয়ের প্রলোভন দেখিয়ে তারা নিজেদের সিআইডি সদস্য হিসেবে পরিচয় দিয়েছিল। বিষয়টিতে স্থানীয়দের সন্দেহ হলে তারা ইউপি চেয়ারম্যানকে জানান। পরে ইউপি চেয়ারম্যান ওই তিন যুবককে জিজ্ঞাসাবাদে সততা না পেয়ে কার্যালয়ে আটকে রেখে পুলিশে খবর দেন। পরবর্তীতে ডিবি পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার দেখায়। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি প্রতারণা মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
.png)





