অনৈতিক সম্পর্কের জেরে জামায়াত নেতার পদ স্থগিত

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে স্থানীয় জামায়াত নেতা ইনামুল মোল্লাকে (২৬) দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে এ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্বে ছিলেন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক নারীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক চলছিল বলে অভিযোগ ওঠে। ওই নারীর স্বামী বিদেশে অবস্থান করায় সম্প্রতি বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ইনামুল মোল্লার কর্মস্থল বোয়ালমারী বাজারের এক হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম জানান, দুই দিন আগে ওই নারীর প্রবাসী স্বামী ফোন করে ইনামুলের বিরুদ্ধে এই অভিযোগ জানান। তবে বিষয়টি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না বলে জানান।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে ইনামুল মোল্লার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তার পরিবারের সদস্যদের সঙ্গেও এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে বোয়ালমারী পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, অভিযোগের ভিত্তিতে ইনামুল মোল্লাকে সাময়িকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাকে চূড়ান্তভাবে দল থেকে বহিষ্কার করা হবে। কোনো ব্যক্তির অপকর্মের দায় সংগঠন বহন করবে না।



