আওয়ামী লীগ নেতাকে মারধরের পর পুলিশে দিল স্থানীয়রা

বগুড়ার কাহালুতে পিএম বেলাল নামে উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে মারধরের পর পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
পি এম বেলাল কাহালু উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং কাহালু সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিএম বেলাল সোমবার দুপুরে উপজেলা পরিষদে যান। সেখান থেকে বের হওয়ার সময় স্থানীয় কিছু লোকজন তাকে আটকের পর চড়-থাপ্পড়, কিলঘুষি দিয়ে পুলিশে দেয়।
এ বিষয়ে কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনিছ বলেন, ‘ওই আওয়ামী লীগ নেতা তো পলাতক ছিলেন। হঠাৎ করেই আজ তাকে দেখা যায়। তিনি উপজেলা মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য এসেছিলেন। সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় লোকজন হয়তো পুলিশকে খবর দিয়ে তাকে ধরিয়ে দিয়েছে। এর বেশি কিছু জানি না।’
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মুখপাত্র (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। তিনি জানান, বেলালকে থানায় দেওয়ার পর তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।