বাগেরহাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, বিজিবি সদস্য নিহত

বাগেরহাটে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বাদামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মনিম আল হাসান (২৮) ষাটগম্বুজ ইউনিয়নের বাসিন্দা মোজাম শেখের ছেলে। জানা গেছে, তিনি ছুটিতে বাড়িতে অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে মনিম মোটরসাইকেলে দরগা এলাকা থেকে শহরের দিকে যাচ্ছিলেন। বাদামতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হন। মাথায় আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে খবর দেন। পরে বাগেরহাট সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।