গানে বেঁচে আছেন রাধারমণ, অযত্নে তার স্মৃতিভিটা

‘ভ্রমর কইয়ো গিয়া, শ্রীকৃষ্ণের বিচ্ছেদে...’ কিংবা ‘কারে দেখাব মনের দুঃখ গো’ এমন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা বৈষ্ণব কবি রাধারমণ দত্ত পুরকায়স্থের ১১১তম প্রয়াণ দিবস আজ ১০ নভেম্বর। তার সৃষ্টি যুগ যুগ ধরে বাংলাভাষী মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। অথচ এই সাধক কবির স্মৃতিবিজড়িত জন্মভিটা ও সমাধি মন্দির সংরক্ষণে এখনও দৃশ্যমান উদ্যোগ নেই। ১১ বছর আগে স্মৃতি কমপ্লেক্স নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হলেও বাস্তবায়ন হয়নি সেই উদ্যোগ।
বিভিন্ন তথ্য অনুযায়ী, ১৮৩৩ সালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে জন্মগ্রহণ করেন রাধারমণ দত্ত পুরকায়স্থ। ১৯১৫ সালের ১০ নভেম্বর তার প্রয়াণ হয়। শৈশব থেকেই ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি ও কাব্যপ্রতিভার পরিচয় দিয়েছিলেন তিনি। ব্যক্তিজীবনে স্ত্রী ও সন্তানদের অকালমৃত্যুর পর সংসারজীবনের মায়া ত্যাগ করে নলুয়ার হাওরের আশ্রমে বৈরাগ্য সাধনায় নিমগ্ন হন।
কৃষ্ণের প্রতি বিরহ, দেহতত্ত্ব, ভক্তি ও মধুর রসের মিশেলে তিনি রচনা করেন তিন হাজারের বেশি গান। বাংলা লোকসংগীত ও সাহিত্য-সংস্কৃতিতে তার অবদান অনন্য। বিশেষ করে বাঙালি লোকসংস্কৃতির বিভিন্ন উৎসবে নারীদের সমবেত কণ্ঠে পরিবেশিত ধামাইল গানের প্রবর্তক হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত।
সংস্কৃতিকর্মীদের দাবি, রাধারমণ দত্তের পৈতৃক সম্পত্তি ও সৃষ্টিকর্ম বিকৃতি থেকে রক্ষা করে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তার জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাধারমণ দত্তের চার ছেলে ছিলেন। তাদের মধ্যে তিন ছেলে ও তার স্ত্রী অকালে মারা যান। একমাত্র জীবিত ছেলে বিপিন বিহারী দত্ত মামার বাড়িতে চলে যান। পরে বিয়ে করে মৌলভীবাজারের ভুজবল এলাকায় বসবাস শুরু করেন। তার উত্তরসূরিরা বর্তমানে কানাডায় বসবাস করছেন। কেশবপুরে রাধারমণ দত্তের কোনো উত্তরসূরি নেই।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কেশবপুরে রাধারমণ দত্তের প্রায় ৩০ একর জমি ছিল। এর অধিকাংশই দখল-বেদখল হয়ে গেছে। স্মৃতি কমপ্লেক্স নির্মাণের জন্য ৬০ শতক জমি নির্ধারণ করা হয়েছিল। সেই জমিও নানা কৌশলে দখলের চেষ্টা করছেন স্থানীয় কিছু ব্যক্তি।
স্মৃতি কমপ্লেক্স নির্মাণের জন্য জায়গা নির্ধারণের ১১ বছর পেরিয়ে গেলেও কাজ শুরু না হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ রয়েছে সংস্কৃতিকর্মীদের মধ্যে।
এদিকে নানা কারণে গত দুই বছর ধরে রাধারমণ দত্তের জন্মভিটা কেশবপুর গ্রামে তিন দশক ধরে পালিত হয়ে আসা উৎসব আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে তার প্রয়াণ দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ২৭ ও ২৮ নভেম্বর রাধারমণ দত্তের জন্মভিটা কেশবপুর গ্রামের কাছে নতুন বাজারসংলগ্ন স্মৃতি কমপ্লেক্সের জন্য নির্ধারিত স্থানে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসব আয়োজনের অনুমতি চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করা হয়েছে। গতকাল সোমবার রাধারমণ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদের সহসভাপতি আছকির আলী লিখিত আবেদন করেন। আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও ইসলাম উদ্দিন।
রাধারমণ দত্তের ভক্ত ও স্থানীয় বাসিন্দারা জানান, ২০১৫ সালে তার মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জন্মভূমিতে রাষ্ট্রীয়ভাবে তিন দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। জগন্নাথপুরে ওই অনুষ্ঠানের উদ্বোধনী দিনে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং তৎকালীন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এম এ মান্নান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় তারা জগন্নাথপুরে রাধারমণ কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েছিলেন।
অনুষ্ঠান শেষে দুই মন্ত্রী কেশবপুর বাজারসংলগ্ন জমিতে কমপ্লেক্স নির্মাণের জন্য সাইনবোর্ড স্থাপন করে জায়গা নির্ধারণ করেন। পরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরেজমিনে জায়গাটি পরিদর্শন করে কমপ্লেক্স নির্মাণের প্রতিশ্রুতি দেন। কিন্তু অজ্ঞাত কারণে সেই উদ্যোগ আর এগোয়নি।
এদিকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০২২ সালে রাধারমণের জন্মভিটার এলাকায় একটি কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানা গেছে। ওই সময় প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করা হয়। তবে এরপর আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রকল্পটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও কিছু জানেন না।
জানা যায়, ২০১৫ সালের আগে জগন্নাথপুর উপজেলায় সরকারি উদ্যোগে রাধারমণ দত্তের জন্ম বা প্রয়াণ দিবস পালন করা হয়নি। ১৯৯৪ সালে রাধারমণ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদ নামে একটি সাংস্কৃতিক সংগঠন তার প্রয়াণ দিবস পালন শুরু করে। এরপর থেকে টানা ৩০ বছর ধরে সংগঠনটি এ আয়োজন করে আসছিল। প্রতিবছর অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও রাধারমণভক্তরা উপস্থিত থাকতেন।
তবে ২০২৪ সালে সরকারের পটপরিবর্তনের পর কেশবপুর গ্রামে প্রয়াণ দিবসের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। পরে কমপ্লেক্সের জন্য নির্ধারিত জায়গা নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে উপজেলা প্রশাসন উপজেলা সদরে প্রয়াণ দিবস পালনের উদ্যোগ নেয়।
কেশবপুর গ্রামের বাসিন্দা ও রাধারমণ স্মৃতি সংসদের সভাপতি আফরোজ আলী বলেন, রাধারমণ দত্ত কমপ্লেক্সের জায়গা নির্ধারণের ১১ বছর পার হলেও এখনো কমপ্লেক্স নির্মিত হয়নি। এতে আমরা ব্যথিত। দ্রুত কমপ্লেক্স নির্মাণের পাশাপাশি রাধারমণ দত্তের সমাধি মন্দির সংরক্ষণের দাবি জানাই।
রাধারমণ দত্তের গ্রামের বাসিন্দা ও রাধারমণ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদের সহসভাপতি আছকির আলী বলেন, ১৯৯৪ সাল থেকে আমরা টানা ৩০ বছর ধরে রাধারমণ দত্তের জন্মভিটায় তার প্রয়াণ দিবস পালন করে আসছি। কিন্তু গত বছর সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠান করতে দেওয়া হয়নি। রাধারমণ দত্ত আমাদের হৃদয়ে আছেন। আমরা তার সৃষ্টিকর্ম লালন করি। প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানাই। কমপ্লেক্সের জন্য নির্ধারিত জায়গায় গত ৩০ বছরের ধারাবাহিকতায় অনুষ্ঠান করতে চাই। দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত আবেদন করেছি। প্রশাসনের অনুমতি পেলে সংগঠনের পক্ষ থেকে উৎসব আয়োজন করব।
রাধারমণ স্মৃতি সংঘের উপদেষ্টা আশীষ কুমার দে বলেন, রাধারমণ দত্তের শেষ স্মৃতিচিহ্ন সমাধি মন্দির সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনে সরকারি উদ্যোগ জরুরি। প্রতিবছর তার প্রয়াণ তিথিতে সমাধি মন্দির প্রাঙ্গণে আমরা কীর্তনের আয়োজন করি। প্রতিদিন দেশ-বিদেশ থেকে তাঁর ভক্তরা সমাধি মন্দির দেখতে এসে হতাশ হয়ে ফিরে যান। তাই দ্রুত সমাধি মন্দির সংরক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি জানাই।
সুনামগঞ্জ জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল বলেন, বৈষ্ণব কবি রাধারমণ দত্তের ১১১তম প্রয়াণ দিবস উপলক্ষে সন্ধ্যায় বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ ও সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শিল্পকলা একাডেমিতে স্মরণানুষ্ঠান হয়েছে। এতে ২০টি সাংস্কৃতিক সংগঠন সংগীত পরিবেশন করে।
তিনি আরও বলেন, রাধারমণ দত্তের জন্মভিটা কেশবপুর এলাকায় কমপ্লেক্স নির্মাণের জন্য ২০২২ সালে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে প্রকল্পের কাজ কত দূর এগিয়েছে, তা তার জানা নেই।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই দিনব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। কেশবপুর গ্রামে রাধারমণ দত্ত কমপ্লেক্স নির্মাণের বিষয়ে কোনো তথ্য আমার জানা নেই। রাধারমণ দত্তের ভূসম্পত্তি সরকারের অর্পিত সম্পত্তি হিসেবে রয়েছে। তবে কিছু জমি নিয়ে আদালতে মামলা-মোকদ্দমা আছে। সরেজমিনে জমির প্রকৃত অবস্থা দেখে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশনা দেওয়া হয়েছে।
রাধারমণ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদের দুই দিনব্যাপী উৎসব আয়োজনের আবেদন প্রসঙ্গে ইউএনও বলেন, একটি আবেদন পেয়েছি। আমরা এখন প্রয়াণ দিবসের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছি। বিষয়টি নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

