গাইবান্ধায় বাসচাপায় প্রাণ গেল দুইজনের

গাইবান্ধার পলাশবাড়ীতে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি নৈশকোচের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২৭ মে) দিবাগত রাত পৌনে একটার দিকে রংপুর-ঢাকা জাতীয় মহাসড়কের পলাশবাড়ী পৌর এলাকার রাইগ্রাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পলাশবাড়ী পৌর শহরের পশ্চিম গোয়ালপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে অটোরিকশাচালক ছিদ্দিক (৪০) এবং একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে কলেজছাত্র হাসান (১৮)। আহত তরুণের নাম মারুফ (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাতে রাইগ্রাম মোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিল একটি অটোরিকশা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী নৈশকোচ অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক ছিদ্দিক এবং আরোহী হাসান ও মারুফ গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে রংপুর নিয়ে যাওয়ার পথেই ছিদ্দিক ও হাসান মারা যান।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইশতিয়াক আমিন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত মারুফের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, তার বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ (৯৫ শতাংশ জীবন সংকটাপন্ন)। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, নৈশকোচের ধাক্কায় দুজন মারা গেছেন। এ বিষয়ে হাইওয়ে থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
