চাঁপাইনবাবগঞ্জের দুটি মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপনের সুপারিশ

এশিয়া পোস্ট নিউজ, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের দুটি মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপনের সুপারিশ
সিসি ক্যামেরা। ছবি : সংগৃহীত

সার্বক্ষণিক নজরদারি ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ জেলার দুটি মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপনের সুপারিশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি অ্যাডুকেশন (লেইস)’ প্রকল্পের আওতায় এ সুপারিশ করা হয়।

Advertisement

সুপারিশকৃত দুটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসা এবং শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ কামিল মাদ্রাসা।

বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় সারা দেশের ৫১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাইলট ভিত্তিতে সিসি ক্যামেরার নেটওয়ার্ক চালু করা হচ্ছে। এর মধ্যে ১৫৫টি মাদ্রাসা এবং ৩৬২টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রকল্পের অংশ হিসেবে প্রতিটি নির্বাচিত মাদ্রাসায় ১৬টি করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এর মধ্যে ১০টি ক্যামেরা থাকবে শ্রেণিকক্ষে এবং বাকি ৬টি ক্যামেরা স্থাপন করা হবে মাদ্রাসার আঙিনা ও গুরুত্বপূর্ণ স্থানে।

প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী, সিসি ক্যামেরা স্থাপনের জন্য প্রতিষ্ঠানগুলোকে সরকারি বা বেসরকারি এমপিওভুক্ত হতে হয়েছে এবং মাদ্রাসার ক্ষেত্রে ন্যূনতম ২০০ শিক্ষার্থী থাকা বাধ্যতামূলক ছিল। এ ছাড়া যেসব প্রতিষ্ঠানে আগে কোনো সিসি ক্যামেরা ছিল না, শুধু সেগুলোর মধ্য থেকেই স্থানীয় তিন সদস্যের বাছাই কমিটি যাচাই-বাছাই শেষে এ দুটি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচন করে প্রকল্প কার্যালয়ে পাঠায়।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ স্বাক্ষরিত নির্দেশনার ভিত্তিতে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এতে শিক্ষা পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি শ্রেণিকক্ষের শৃঙ্খলা আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবেদিন বলেন, জেলার দুটি মাদ্রাসাকে এ প্রকল্পে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে এবং দ্রুত সময়ের মধ্যেই ক্যামেরা স্থাপনের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।