চীনা নাগরিককে কুপিয়ে জখম, আইফোনসহ টাকা লুট

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি স্যুয়ারেজ লাইন নির্মাণ প্রকল্পে ঢুকে এক চীনা নাগরিককে কুপিয়ে জখম ও লুটপাটের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতের এ ঘটনায় আহত ওই নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তির নাম ওয়েন জিনহুয়া (৫৫)। তিনি ‘ইয়াং জি জিয়াং’ নামের একটি নির্মাণ প্রকল্পের সঙ্গে যুক্ত।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দল রাজেন্দ্রপুর আন্ডারপাসসংলগ্ন প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ সময় তারা দায়িত্বরত নিরাপত্তারক্ষীকে বেঁধে ফেলে এবং প্রকল্পের ভেতরে তাণ্ডব চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা ওয়েন জিনহুয়ার কক্ষে ঢুকে লুটপাটের চেষ্টা চালায়। তিনি বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে হামলাকারীরা একটি হাতঘড়ি, দুটি আইফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।