টাঙ্গাইলে বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পানের পর অসুস্থ ৩০ শিক্ষার্থী
এশিয়া পোস্ট নিউজ, টাঙ্গাইল

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ে টিউবওয়েলের পানি পান করার পর অন্তত ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিদ্যালয়ে পাঠদানের সময় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরহাদ ইকবাল।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে মাথা ঘোরা, বমি ভাব, পেটব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাদের হাসপাতালে নেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, টিউবওয়েলের পানির কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে কি না তা নিশ্চিত হতে পানি পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরহাদ ইকবাল জানান, অসুস্থ শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে এবং পানির নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।
বিষয় :টাঙ্গাইল






