দরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি চাল রেখে টাকা বিতরণ

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে দরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল দেওয়ার পরিবর্তে টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) ইউনিয়ন পরিষদে উপকারভোগীদের টাকা দেন প্যানেল চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার প্রায় ২০০ উপকারভোগীকে চাল দেওয়ার কথা ছিল। প্যানেল চেয়ারম্যান চাল না দিয়ে সবাইকে ৩০০ টাকা করে দেন। উপকারভোগীরা চালের পরিবর্তে টাকা নিতে রাজি ছিলেন না। তাদের ওপর চাপ প্রয়োগ করে টাকা গ্রহণ করানো হয়েছে।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন জানান, সরকারের প্রতিটি বস্তায় চাল কিছুটা কম ছিল। তাই শেষ পর্যায়ে কয়েক জনের চাল কম পড়েছে। যারা চাল পাননি তাদেরকে ৩০০ করে টাকা দিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রি জানান, নিয়ম অনুযায়ী কার্ডধারীদের ১০ কেজি করে চাল দিতে হবে। চালের পরিবর্তে টাকা দেওয়ার বিধান নেই। তদন্ত করে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
