ঝিনাইদহে বিএনপি-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে আহত ১৬

এশিয়া পোস্ট নিউজ, ঝিনাইদহ
ঝিনাইদহে বিএনপি-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে আহত ১৬
সংঘর্ষে আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: এশিয়া পোস্ট

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পুকুরের মাছ ধরা নিয়ে স্থানীয় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন।

Advertisement

শনিবার (২০ জুন) সকালে উপজেলার ফলসী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন, ছানোয়ার হোসেন ছনো, মিজান আলী, বিভান আলী, ঝন্টু মিয়া, মতিয়ার রহমান, আক্তার মোল্লা, রাশিদুল ইসলাম, বরকত মোল্লা, ফেন্টু মিয়া, মশিয়ার মেম্বার, গোলাপফার, তোজিবার মোল্লা, কবির মণ্ডল, রুবেল মণ্ডল, কাবিল, তোতা মিয়া, নুর আলী ও বাচ্চু মিয়া।

আহতদের মধ্যে পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে এবং তিনজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার স্থানীয় একটি পুকুরের মাছ ধরা নিয়ে রকিবুল ইসলাম নামে আওয়ামী লীগের এক কর্মীকে মারধরের ঘটনা ঘটে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমানের ছোট ভাই।

এ নিয়ে শনিবার সকালে বজলুর রহমানের সমর্থকদের সঙ্গে সাবেক ইউপি সদস্য ও বিএনপি কর্মী মশিয়ার রহমানের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে বজলুর রহমানের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। তাদের ছয় থেকে সাতজন লোক আহত হয়েছেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বজলুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম বলেন, সামান্য বিষয় নিয়ে তারা অতর্কিতভাবে আমাদের সমর্থকদের ওপর হামলা করেছে।

হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় জানান, কোনো পক্ষ অভিযোগ দেয়নি। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।