চাঁদপুরে ভাড়া বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, চাঁদপুর
চাঁদপুরে ভাড়া বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার হওয়া নারী নাজমুন নাহার স্বপ্না। ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা এলাকায় ভাড়া বাসা থেকে নাজমুন নাহার স্বপ্না নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ২০২৪ সালে অনুষ্ঠিত শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

সোমবার (১৩ জুলাই) উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাজমুন নাহার স্বপ্না কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইস গ্রামের নজরুল ইসলাম ও ফিরোজা বেগম দম্পতির কন্যা। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট।

পারিবারিক সূত্রে জানা যায়, স্বপ্নার তিনটি বিয়ে হয়েছিল। প্রথম স্বামী ওমর ফারুকের বাড়ি শাহরাস্তি উপজেলার নাহারা গ্রামে। সেখানে বসবাসকালে তিনি একটি লেডিস টেইলারিং প্রতিষ্ঠান পরিচালনা করতেন। ওই সংসারে তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। পরে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

এরপর তিনি শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকী গ্রামের মো. শাহাদাত হোসেনকে বিয়ে করেন। পরে সেই সম্পর্কেরও বিচ্ছেদ ঘটে। সর্বশেষ একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের প্রবাসী রাসেল চৌধুরী রাজুর সঙ্গে তার বিয়ে হয়ে বলে পারিবারিক সূত্র জানায়।

নাজমুন নাহার স্বপ্না খিলা বাজার এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করেন। ২০২৪ সালে শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘কলস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, চার দিন আগে তিনি নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলায় দুই কক্ষবিশিষ্ট একটি বাসা ভাড়া নেন। সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে তার শিশুসন্তানদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে যান। পরে বাসার একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।

বাসার মালিকপক্ষের সদস্য মেহেদী হাসান বলেন, চার দিন আগে রাসেল চৌধুরী রাজু নামে এক প্রবাসী ব্যক্তি স্বামী পরিচয়ে ওই নারীর জন্য বাসাটি ভাড়া নেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিষয় :চাঁদপুর