হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।
তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ (শনিবার) ভারত থেকে এই বন্দরে পণ্য আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এক দিন বন্ধ থাকার পর রোববার আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।
হিলি ইমিগ্রেশন ওসি মো. জাকারিয়া বলেন, হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।