সুন্দরবনে দস্যুদের কাছে জিম্মি থাকা জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু জোনাব বাহিনীর কাছে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার (৩০ মার্চ) মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলে মজিবর গাজী খুলনার কয়রা উপজেলার বাসিন্দা।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জোনাব বাহিনীর সদস্যরা সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে রাত ২টার দিকে কোস্টগার্ড সদস্যরা সেখানে অভিযান চালান। দস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জিম্মি জেলেকে ফেলে রেখে বনের ভেতরে পালিয়ে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানা গেছে, গত শনিবার সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে দস্যুদের কবলে পড়েন মজিবর গাজী। পরদিন রোববার সকালে জোনাব বাহিনীর সদস্যরা তাকে অপহরণ করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে নিজ নৌকায় হাত-পা বাঁধা অবস্থায় মজিবর গাজীকে উদ্ধার করেন। তাকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত ১৭ মার্চ সুন্দরবনের শিবসা নদীর কালিরখাল এলাকা থেকে জিম্মি থাকা ছয় জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। তাদের অপহরণ করেছিল বনদস্যু নানা বাহিনী।