logo

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার সিপাহিপাড়া-দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে তিন বন্ধু একসঙ্গে যাওয়ার সময় যশলং এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই মো. সানিয়াত ও হোসাইন মোহাম্মদ সাকিবের মৃত্যু হয়। 

গুরুতর আহত তুর্জয় মাঝিকে স্থানীয়রা উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু বলেন, ঘটনাস্থলেই দুইজন নিহত হন। অপর একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।