বড়শিতে ধরা পড়ল ১০ কেজির বোয়াল, ৯ হাজারে বিক্রি

ভোরের নীরবতা তখনও পুরো কাটেনি। নদীর বুকে হালকা কুয়াশা, চারপাশে শুধু পানির শব্দ। ঠিক সেই সময় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর এলাকার চিকাইদ্দা নদীতে বড়শি ফেলেছিলেন জেলে সুজন। প্রতিদিনের মতোই মাছ ধরতে নেমেছিলেন, তবে আজ যে ভিন্ন কিছু অপেক্ষা করছে, তা তিনি বুঝতে পারেননি।
রোববার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ বড়শিতে তীব্র টান অনুভব করেন সুজন। কিছুটা সময় লড়াইয়ের পর বড়শিতে উঠে আসে বিশাল আকৃতির একটি বোয়াল মাছ। কাছে এনে দেখেই তিনি বুঝতে পারেন মাছটি সাধারণ নয়। ওজন মাপার পর দেখা যায়, বোয়ালটির ওজন ৯ কেজি ৭০০ গ্রাম, প্রায় ১০ কেজির কাছাকাছি।
সুজন জানান, সকাল হতেই মাছটি নিয়ে আসা হয় নাসিরনগর সদরের বাজারে। এত বড় বোয়াল মাছ একনজর দেখতেই বাজারে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। স্থানীয় এক আড়তদার রতন দাস কেজিপ্রতি ৯৫০ টাকা দরে মাছটি কিনে নেন। এতে মাছটির মোট দাম দাঁড়ায় প্রায় সাড়ে ৯ হাজার টাকা।
স্থানীয় সাংবাদিক মিহির দেব জানান, হাওরবেষ্টিত নাসিরনগর উপজেলা দেশীয় মাছের জন্য বরাবরই পরিচিত। এখানকার হাওড়, নদী ও জলাশয়ে প্রচুর মাছ পাওয়া যায়। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি এসব মাছ জেলা সদরসহ আশপাশের এলাকাতেও সরবরাহ করা হয়।
তিনি আরও বলেন, হাওড়ের পাশাপাশি মেঘনা নদী ও সংযুক্ত নদী-নালাগুলো এখানকার জেলেদের জীবিকার বড় উৎস। তবে বড়শিতে ধরা এমন বড় বোয়াল মাছ খুব বেশি দেখা যায় না। তাই চিকাইদ্দা নদীর সেই ভোরের ঘটনা এখন জেলেপাড়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।