ধৈর্যের সীমা পেরোলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, রুমিন ফারহানাকে নাদিয়া পাঠান

রুমিন ফারহানার বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের সহ্যসীমা ক্রমেই অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেত্রী নাদিয়া পাঠান পাপন। তিনি বলেছেন, ধৈর্যের সীমা পেরিয়ে গেলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যা কাম্য নয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের বেকিনগর গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে স্থানীয় বিএনপি ওই কর্মসূচির আয়োজন করে।
এসময় রুমিন ফারহানার সমালোচনা করে তিনি বলেন, বিএনপি তাকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য করে রাজনৈতিক পরিচিতি পাওয়ার সুযোগ করে দিয়েছিল। অথচ বর্তমানে তিনি দলের প্রতি ‘চরম অকৃতজ্ঞতা’ প্রকাশ করছেন। গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ত্যাগের কথা ও দলীয় বক্তব্য রুমিন ফারহানাকে লিখে দেওয়া হতো এবং তিনি শুধু সেগুলো জনগণের সামনে তুলে ধরতেন।’
রুমিন ফারহানার ‘বাবা-দাদার রাজনীতি ছাড়তে হবে’ বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি প্রায়ই বলেন, ‘বাবা-দাদার রাজনীতি ছাড়তে হবে’। নিজের যোগ্যতা থাকলে বারবার বাবার নাম জপতে হয় কেন? নিজের যোগ্যতায় বড় হতে হয়।
রুমিন ফারহানার বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার বক্তব্যের মিল রয়েছে বলেও মন্তব্য করেন নাদিয়া পাঠান। তিনি বলেন, শেখ হাসিনা যেভাবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অবান্তর ও কুরুচিপূর্ণ মন্তব্য করতেন, বর্তমানে সেই দায়িত্বই রুমিন ফারহানা নিজের কাঁধে তুলে নিয়েছেন।
