logo

ব্যবসায়ীকে সপরিবারে গুলির হুমকি, যুবদলের ২ নেতা বহিষ্কার

ব্যবসায়ীকে সপরিবারে গুলির হুমকি, যুবদলের ২ নেতা বহিষ্কার

রংপুরে ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ক্যাবল অপারেটর কোম্পানির ম্যানেজারকে অফিসে ঢুকে মারধর ও জিএমকে সপরিবারে গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে দলটি।

রোববার (১ মার্চ) রাত ১১টার দিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে, একইদিন সন্ধ্যায় রংপুর নগরীর প্রেসক্লাবের সামনে ক্যাবল ওয়ান অফিসে এ ঘটনা ঘটে।  

বহিষ্কৃত দুইজন হলেন—জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল ইসলাম মনু ও সহসাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব।

কেবল ওয়ান কর্তৃপক্ষের অভিযোগ, রংপুর নগরীর ২৪নং ওয়ার্ডের কামালকাছনা এলাকার ক্যাবল ওয়ানের ফিড মালিককে বাদ দিয়ে গালিব নামে এক ব্যক্তিকে দেওয়ার জন্য ওয়ান কর্তৃপক্ষের কাছে চাপ দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গত ২৩ ফেব্রুয়ারি কামাল কাছনা এলাকার ডিশের লাইন কেটে দেয় গালিব ও তার বাহিনী। বিষয়টি নিয়ে ২৮ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী ফিড মালিক। 

কর্তৃপক্ষের অভিযোগ, এ ঘটনার জেরে গালিব তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ক্যাবল ওয়ান অফিসে হামলা চালায় এবং ল্যাপটপসহ ডিশের প্রয়োজনীয় সরঞ্জাম ভাঙচুর করে। এ সময় কেবল ওয়ানের ম্যানেজার পরাগকে ব্যাপক মারধর করা হয় এবং সোমবারের মধ্যে ফিডের মালিক পরিবর্তন না করলে প্রতিষ্ঠানটির জিএম কাফিকে সপরিবারে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ক্যাবল ওয়ান অফিসটি তালাবদ্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে গেছেন।

এদিকে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বহিষ্কারপত্রে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু ও সহসাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালিবকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ এশিয়া পোস্টকে বলেন, ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েই এই ঘটনা ঘটেছে। এতে ক্যাবল ওয়ান ও মায়া ডিজিটাল কর্তৃপক্ষ বাদী হয়ে রাত ৩টার দিকে দুটি মামলা দায়ের করেছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।