কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরের পাড়ে পড়ে গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান নিউ শুকতারা নামের ওই বাসের যাত্রীরা। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি বাস আলেখারচর বিশ্বরোড এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের পাশের একটি পুকুরের পাড়ে গিয়ে আটকে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন। পরে একে একে বাসের সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ময়নামতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাচ্ছিল, তবে মাঝপথে আটকে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার সার্ভিসসহ আমরা ঘটনাস্থলে উপস্থিত থেকে কাজ করছি।