ফরিদপুরে রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

ফরিদপুর শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মশাল মিছিলকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। রাতের আঁধারে এ মিছিল বের হওয়ায় এলাকায় নানা আলোচনা চলছে।
সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকায় এ মিছিল বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ ১০-১৫ জনের একদল যুবক হাতে মশাল নিয়ে শহরের লক্ষ্মীপুর এলাকার প্রধান সড়কে বের হন। তারা নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত সড়ক প্রদক্ষিণ করেন। পরে দ্রুত সেখান থেকে সরে যান তারা।
জানা গেছে, উক্ত মিছিলের নেতৃত্ব দেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী (রিয়ান)। পরে রিয়ান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ওই মশাল মিছিলের একটি ছবি পোস্ট করেন।
নিষিদ্ধ সংগঠনের এমন হঠাৎ ঝটিকা মিছিল ঘিরে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছে।
তবে ঘটনার সময় গভীর রাত হওয়ায় এবং মিছিলটি দ্রুত কেটে পড়ায় এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।



