logo

চাঁপাইনবাবগঞ্জের ৩ উপজেলায় দেওয়া হচ্ছে হামের টিকা

চাঁপাইনবাবগঞ্জের ৩ উপজেলায় দেওয়া হচ্ছে হামের টিকা

চাঁপাইনবাবগঞ্জ জেলায় হামের সংক্রমণ আশঙ্কাজনক রূপ নেওয়ায় বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে ৩ উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলার ৫টি উপজেলার মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাটকে এই বিশেষ কর্মসূচির আওতায় আনা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) আবু ছালেহ মো. মুসা জঙ্গী। 

চাঁপাইনবাবগঞ্জের ইপিআই সুপারিনটেনডেন্ট মো. পলাশ জানান, সংক্রমণের উচ্চ হার বিবেচনা করে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সব শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন বলেন, এই ৩ উপজেলার মোট ১ লাখ ৬৭ হাজার ২৮৭ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জরুরি এই কর্মসূচি সফল করতে গত বৃহস্পতিবার থেকেই মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

টিকাদান কর্মসূচি উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান।

এদিকে জেলা হাসপাতালের রোববারের পরিসংখ্যান অনুযায়ী; গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮জন হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬০ জন রয়েছেন। এদের মধ্যে ছেলে শিশুর সংখ্যা বেশি।