মুন্সীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং খাদ্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বালিগাঁও বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে লাম আলিফ ফার্মেসিতে বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আশরাফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া গোপাল সুইটমিটে খাদ্যসামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক কৃষ্ণ সরকারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টংগিবাড়ী থানা পুলিশের একটি দল তাকে সহযোগিতা করে।
