logo

তিতাসের অফিসার পেলে পেটানোর জন্য থানায় অর্ডার দিয়েছি: এমপি মান্নান

তিতাসের অফিসার পেলে পেটানোর জন্য থানায় অর্ডার দিয়েছি: এমপি মান্নান
মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেন এমপি আজহারুল ইসলাম মান্নান। ছবি: সংগৃহীত

নিজের নির্বাচনি এলাকা সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষকে দায়ী করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। একই সঙ্গে তিতাসের কর্মকর্তাদের পেলে মারধরের নির্দেশ দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

রোববার (৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই কথা বলেন।

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের সার্বিক চিত্র তুলে ধরে সংসদ সদস্য মান্নান বলেন, সোনারগাঁয়ে প্রায় ৬৫ হাজার অবৈধ গ্যাস লাইন রয়েছে। আওয়ামী লীগের আমলে সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজারে এসব অবৈধ সংযোগ দেওয়া হয়েছিল। অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে যদি মামলা দেওয়া হয়, তবে তিতাস গ্যাসের কর্মকর্তাদের এক নম্বর আসামি করুন, তাহলে দেখবেন সব অনিয়ম কমে যাবে।

তিতাসের কর্মকর্তাদের বিরুদ্ধে আরও কঠোর মন্তব্য করে তিনি বলেন, আমি সত্যি কথা বলছি, আমার থানায় অর্ডার দিয়ে দিয়েছি—যারা তিতাস গ্যাসের অফিসার যাবে, তাদের আগে পেটানোর জন্য। তারা অবৈধ সব কাজ করে।

একই সভায় নদীপথের চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তাদের কড়া সমালোচনা করেন তিনি। তিনি বলেন, মেঘনা নদী বা বিভিন্ন জলপথে বালুর বাল্কহেডগুলো প্রবেশের আগেই চাঁদাবাজি শুরু হয়ে যায়। এখন নাকি মোবাইলেও চাঁদা লেনদেন হয়। এই অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বিআইডব্লিউটিএর কর্মকর্তারাও জড়িত।

এ ছাড়া পুলিশ প্রশাসনে নির্দিষ্ট এলাকার কর্মকর্তাদের দাপট নিয়ে ক্ষোভ প্রকাশ করে এমপি মান্নান বলেন, বিগত ৫ আগস্টের আগে পুরো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ‘গোপালি’ (গোপালগঞ্জ জেলার বাসিন্দা) দিয়ে ভরে গিয়েছিল। এখন আবার ঘুরেফিরে একই জেলার লোকজনে জেলা ভরে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে সুন্দর হবে? তারা কি কখনও আমাদের ভালো চাইবে?

তিনি অবিলম্বে নারায়ণগঞ্জের থানাগুলোতে কোন জেলার পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন, তাদের একটি পূর্ণাঙ্গ জেলাভিত্তিক তালিকা প্রকাশের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি দাবি জানান।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।