পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে নৌযান চলাচল স্বাভাবিক

ঝড়ো হাওয়ার কারণে বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে নৌ-রুটে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) ৭টার দিকে নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে, ভোর ৬টার দিকে ঝড়ো বাতাসের কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সব ধরনে নৌচলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখা ভারপ্রাপ্ত ডিজিএম মো সালাম হোসেন বিষয়টি নিশিত করে জানান, ঝড়ো বাতাস বেড়ে যাওয়ায় ভোর ৬টার দিকে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঝড়ো বাতাস কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঝড়ে ঘাট এলাকায় আটকে পড়া যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে।
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২২টি ফেরি, ৩৩টি লঞ্চ এবং ৬৭টি স্পিডবোট চলাচল করে।