সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ২৮ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে ১৬ বিজিবির অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি বিওপি এলাকার সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে এই পুশইনের চেষ্টা করা হয়। ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশুসহ মোট ২৮ জনকে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার চেষ্টা করে।
খবর পেয়েই বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেয়। বর্তমানে ওই ২৮ জন ব্যক্তি সীমান্ত রেখার (জিরো লাইন) ভেতরেই অবস্থান করছেন।
এদিকে ঘটনার পর থেকে সীমান্তে বিএসএফ তাদের সদস্য সংখ্যা বাড়িয়ে বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জিরো লাইনে আটকে থাকা ব্যক্তিদের ভারতে পুশব্যাক করার চেষ্টা চলছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
