ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার

ঝালকাঠির রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তারের পর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাবির আল রাসেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজাপুর উপজেলার মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে জাবির আল রাসেল ও কামাল হোসেন নয়নকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় মামলা করা হয়।
জাবির আল রাসেল রাজাপুর উপজেলার ২ নম্বর ওয়ার্ডের বাবুল হাওলাদারের ছেলে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। অপর গ্রেপ্তার কামাল হোসেন নয়ন উপজেলার মনোহরপুর ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল শুক্কুর হাওলাদারের ছেলে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে জাবির আল রাসেলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্তে এ বহিষ্কার কার্যকর করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় মনোহরপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জাবির আল রাসেল ও কামাল হোসেন নয়নকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঝালকাঠি জেলা যুবদলের সদস্য আনিচুর রহমান খান বলেন, দলের কমিটিতে থেকে মাদকের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে কথা বলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ইয়াবাসহ আটকের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
