logo

ফেরিঘাটে ট্রাক উল্টে নদীতে, চাপাপড়ে যুবক নিহত

ফেরিঘাটে ট্রাক উল্টে নদীতে, চাপাপড়ে যুবক নিহত

কিশোরগঞ্জের বাজিতপুরে ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক নদীতে পড়ে গেছে। এ সময় ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পাটুলী ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন (৩৫) শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে একটি মালবাহী ট্রাক পাটুলীঘাট থেকে ফেরিতে ওঠার সময় পন্টুনে নিয়ন্ত্রণ হারায়। এতে ট্রাকটি উল্টে নদীতে পড়ে যায়। এ সময় ঘাটে থাকা আপন ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। নদীতে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারের কাজ চলছে।

এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল্লা বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।