Advertisement

সুনামগঞ্জে এনাম হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
সুনামগঞ্জে এনাম হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
জেলা ও দায়রা জজ আদালত। ছবি : এশিয়া পোস্ট

সুনামগঞ্জের ছাতকে জমিসংক্রান্ত বিরোধের জেরে মোস্তফা আনোয়ার এনাম (৪০) হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ছাতক পৌরসভার নোয়ারাই এলাকার মৃত নূর মিয়ার ছেলে মো. দবির হোসেন, তার স্ত্রী আছমা আক্তার লাভলী এবং মৃত আব্দুস সালামের ছেলে মো. সিহাব মিয়া।

রায় ঘোষণার সময় দবির হোসেন ও সিহাব মিয়া আদালতে উপস্থিত ছিলেন। তবে আছমা আক্তার লাভলী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।

খালাস পাওয়া দুই আসামি হলেন নোয়ারাই এলাকার মৃত নূর মিয়ার ছেলে মো. কবির মিয়া ওরফে কবির আহমদ এবং সিলেটের ফকিরপাড়া গ্রামের মৃত সজ্জাদ আলীর ছেলে মো. আবদুর রাজ্জাক।

মামলার এজাহার ও আদালতের নথি সূত্রে জানা যায়, ছাতক পৌরসভার নোয়ারাই এলাকায় জমিজমা নিয়ে এনামের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন বিরোধ চলছিল। ২০২১ সালের ১৩ মে বিকেলে ইফতারের আগে পূর্বশত্রুতার জেরে আসামিরা লোহার রড, পাইপ ও লাঠিসোঁটা নিয়ে এনামের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২০ মে তিনি মারা যান।

ঘটনার দুই দিন পর নিহতের ভাই মোস্তফা জুবায়ের বাদী হয়ে ছাতক থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আজ আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমেদ সোহেল। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. সালেহ আহমদ, অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ এবং অ্যাডভোকেট মো. আব্দুর গাফফার।