গোপালগঞ্জে গ্রাম পুলিশকে চেয়ারম্যানের থাপ্পড়

গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দায়িত্ব পালনকালে পোশাক পরা এক গ্রাম পুলিশকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে চেয়ারম্যান রানা মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় প্রশাসন অবগত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌশিক আহমেদ।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
অভিযোগকারী গ্রাম পুলিশ নাজিম সুকতাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে দায়িত্ব পালন করেন। তার ভাষ্য, বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালনকালে চেয়ারম্যান রানা মোল্লা তার কাছে দেলোয়ার চকিদারের অবস্থান জানতে চান। জবাবে তিনি জানান, দেলোয়ার স্কুলের টিপ মারতে গেছেন। এ কথা বলার পরই চেয়ারম্যান জনসমক্ষে তাকে থাপ্পড় মারেন বলে অভিযোগ করেন নাজিম।
গ্রাম পুলিশ নাজিম বলেন, আমি গ্রাম পুলিশের পোশাক পরে দায়িত্ব পালন করছিলাম। এ অবস্থায় আমাকে থাপ্পড় মারা হয়েছে। আমি এ ঘটনার আইনগত বিচার চাই এবং প্রশাসনের কাছে বিষয়টি জানাতে চাই।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ বলেন, গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার ঘটনাটি আমরা অবগত হয়েছি। দুর্গাপূজার ছুটির কারণে তাৎক্ষণিক তদন্ত করা সম্ভব হচ্ছে না। তবে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে সুকতাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা মোল্লার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
