সাতক্ষীরায় ১৮ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
সাতক্ষীরায় ১৮ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ
জব্দ করা মাদক ও ওষুধ। ছবি: এশিয়া পোস্ট

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একটি কাভার্ডভ্যান থেকে ১৮ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের মাদক জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। এ সময় আব্দুল মজিদ শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ জুলাই) সকালে উপজেলার মথুরাপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

র‍্যাব জানায়, অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি ব্যাটারিচালিত ছোট কাভার্ডভ্যান জব্দ করা হয়। এ সময় এক হাজার ৮৮৩ বোতল কোডিনযুক্ত মাদক সিরাপ (উইনসিরেক্স, এসকাফ ও ফেয়ারডিল), এক হাজার ৫০০ পাতা ভারতীয় এল-হিস্ট মন্ট, ৬০ পাতা আলফা-কেটোজক্স ওষুধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বাপ্পা বিড়ি জব্দ করা হয়।

এ সময় গ্রেপ্তার হওয়া আব্দুল মজিদ শেখ দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মাদক ও পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় শ্যামনগর থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।