logo
Advertisement

আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে: খনিজ সম্পদমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজবগুড়া
আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে: খনিজ সম্পদমন্ত্রী
বগুড়ায় এক সেমিনারে বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশের ইতিহাস বিকৃত করার একমাত্র দল আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নিজেদের মতো করে ইতিহাস বিকৃত করেছে এবং ফ্যাসিস্ট হাসিনা সরকার ঈর্ষান্বিতভাবে উত্তরাঞ্চলকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে।

শনিবার (২৫ জুলাই) সকালে বগুড়ার মম ইন কনভেনশন সেন্টারে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা এ সেমিনারের আয়োজন করে।

এসময় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগ রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। তার নেতৃত্বে পিছিয়ে পড়া উত্তরাঞ্চলসহ পুরো দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে।

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, জামায়াত জান্নাতের মিথ্যা প্রলোভন দিয়েও মানুষের মন গলাতে পারেনি। মানুষ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বৈষম্যের বিরুদ্ধে শুরু হয়েছিল উল্লেখ করে টুকু বলেন, মুক্তিযুদ্ধের পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ আরও বড়ো বৈষম্য তৈরি করেছে।

দেশের বিদ্যুৎ ঘাটতি দূর করতে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা জানান তিনি। একই সঙ্গে সারা দেশে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের কাজ শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দুর্নীতি নেই, অর্থ পাচার নেই, উন্নয়ন হচ্ছে— কেন উন্নয়ন হচ্ছে, সেটাই এখন কিছু মানুষের কাছে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। উত্তরাঞ্চলের পাঁচ জেলা দীর্ঘদিন অবহেলার শিকার হয়েছে। এসব জেলার উন্নয়নে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে এবং পর্যায়ক্রমে এ অঞ্চলের উন্নয়ন চাহিদা পূরণ করা হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সরকার সুষম উন্নয়নের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এ অঞ্চলের কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও মানবসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে হবে।

সেমিনারে বক্তারা বলেন, উত্তরাঞ্চলের উন্নয়নে শিল্পায়ন, আধুনিক যোগাযোগব্যবস্থা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং কর্মসংস্থান বাড়ানোর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। আঞ্চলিক বৈষম্য দূর করে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন জেলার সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষক, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেমিনারে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে বগুড়া বিভাগ গঠনের দাবিও জানানো হয়।