logo

নিজ দলের ২৬ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির নবনির্বাচিত এমপির মামলা

নিজ দলের ২৬ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির নবনির্বাচিত এমপির মামলা

নির্বাচনের পর দলীয় শৃঙ্খলা রক্ষায় ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। এরই ধারাবাহিকতায় নির্বাচন পরবর্তী সময়ে নিজ দলের ২৬ নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে দলীয় নির্দেশনা অমান্য করে সহিংসতা, চাঁদাবাজি ও অস্ত্র মহড়ায় লিপ্ত হওয়ার অভিযোগে রামগতি থানায় পৃথক দুটি মামলা হয়। পুলিশ ইতোমধ্যে মামলার দুই আসামিকে গ্রেপ্তারও করেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি উপজেলার চর পোড়াগাছা, রামদয়াল বাজার এবং আলেকজান্ডার ইউনিয়নের বালুর চর সুজনগ্রাম এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে চড়াও হয়। তারা দেশি অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয় এবং বিভিন্ন ব্যাবসাপ্রতিষ্ঠান ও ইটভাটা মালিকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চর পোড়াগাছা ইউনিয়নের ছিদ্দিক উল্লাহর ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা ইটভাটার শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করে দেয় এবং মালিককে হত্যার হুমকি দেয়। এ ছাড়া রামদয়াল বাজারে ব্যবসায়ী মনিরের দোকানে ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে আসামিরা। 

একইদিনে চর আলগী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি, সাংগঠনিক সম্পাদক মো. রায়হান, ওয়ার্ড সভাপতি মো. আশিকের নেতৃত্ব ২০/২৫ জনের সংঘবদ্ধ একটি গ্রুপ রাজনৈতিক প্রভাব বিস্তার করে দেশি অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয় এবং শক্তি প্রদর্শন করে। একপর্যায়ে ওই বাজারের ব্যবসায়ী মনিরের দোকানে ভাঙচুর চালায়। এতে ওই ব্যবসায়ীর ৫০ হাজার টাকার ক্ষতি হয়। এসব ঘটনায় রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মমিন উল্লাহ ইরাজ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। 

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—চর রমিজ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাজী বেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার হান্নান, সুমন উদ্দিন (ইউপি মেম্বার), চর রমিজ ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ হোসেন, চর পোড়াগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ২৬ নেতাকর্মী।

এ বিষয়ে এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, কোনো নেতাকর্মী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবে না। আর এ নির্বাচনের বিজয়কে পুঁজি করে কেউ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধীর পরিচয় যায় হোক, কোনো ছাড় নয়। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করলে দল থেকে বহিষ্কারসহ যেকোনো শাস্তির আওতায় আনা হবে।

এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান এশিয়া পোস্টকে বলেন, মামলার পর অভিযান চালিয়ে মিরাজ ও রিয়াজ নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।