logo
Advertisement

চলতি মাসে চালু হবে প্রবাসী কার্ড: প্রতিমন্ত্রী নুর

এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
চলতি মাসে চালু হবে প্রবাসী কার্ড: প্রতিমন্ত্রী নুর
মুন্সীগঞ্জে ছাত্র অধিকার পরিষদের আলোচনা সভায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: এশিয়া পোস্ট

চলতি মাসের শেষদিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

Advertisement

তিনি বলেছেন, এটিএম কার্ডের মতো ব্যবহারযোগ্য এ কার্ডের মাধ্যমে প্রবাসীরা ব্যাংকিং লেনদেনের পাশাপাশি দেশে ফিরে সরকারি বিভিন্ন সেবা গ্রহণে বিশেষ সুবিধা পাবেন। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও কার্ডধারী প্রবাসীরা অগ্রাধিকার পাবেন।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নুর।

এসময় নুরুল হক নুর বলেন, ‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে। এর মাধ্যমে প্রবাসীরা ব্যাংকিং লেনদেন করতে পারবেন। পাশাপাশি দেশে ফিরে বিভিন্ন সমস্যার সমাধান ও সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রেও কার্ডটি কাজে লাগবে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে কার্ডধারী প্রবাসীদের অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থাও থাকবে।

তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের বিভিন্ন সমস্যা ও দেশে ফিরে সেবা পাওয়ার ক্ষেত্রে যে জটিলতা রয়েছে, তা কমাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজু। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।