কিশোরগঞ্জে বিসিকের ফটক ধসে প্রাণ গেল এক শ্রমিকের, আহত ৪

কিশোরগঞ্জ শিল্পনগরী বিসিকে নির্মাণাধীন প্রধান ফটক ধসে রাসেল মিয়া (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার শ্রমিক।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার মারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল মারিয়া ইউনিয়নের স্বল্পমারিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে। আহত চার শ্রমিক হলেন, স্বপন মিয়া (৪০), রনি মিয়া (২০), হাসান (২৫) এবং রানা মিয়া (২৫)। তাদের সবাইকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ জন শ্রমিক মিলে বিসিক শিল্পনগরীর প্রধান ফটকের ঢালাই কাজ করছিলেন। বিকেলে ঝড়-বৃষ্টি শুরু হলে সাময়িকভাবে কাজ বন্ধ রাখা হয়। বৃষ্টি থামলে সন্ধ্যার দিকে ঢালাই শুরু করা হয়। কাজ শেষ হওয়ার মুহূর্তে হঠাৎ ফটকের ওপরের অংশ ধসে পড়ে। এতে পাঁচজন শ্রমিক চাপা পড়েন। স্থানীয়রা দ্রুতই চারজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে আরও একজনকে হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক ডা. কায়সার আহমেদ রাসেল মিয়াকে মৃত ঘোষণা করেন।
আহত রনি মিয়া বলেন, কাজ শেষের দিকে ছিল। হঠাৎ করেই ফটকটি ধসে পড়ে। আমরা যারা ওপরে ছিলাম, তারা আহত হই। নিচে ছিল রাসেল। গুরুতর আহত হয় সে। এতে তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আবু খালিদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজ শুরু করি।
বিসিক শিল্পনগরীর ভারপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক আসাদুজ্জামান আল ফারুক জানান, ঝড়-বৃষ্টির কারণে ওই দিন ঢালাই কাজ না করার জন্য শ্রমিকদের সতর্ক করা হয়েছিল। তবে নির্দেশনা অমান্য করে কাজ চালানো হয়, যা দুর্ঘটনার কারণ হয়ে থাকতে পারে। বিষয়টি ঠিকাদারকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





