অবৈধ মজুত সার উদ্ধার করে কৃষকদের মধ্যে বিক্রি করল প্রশাসন

রাজশাহীর পুঠিয়া উপজেলায় অবৈধভাবে সার মজুত ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে জব্দ করা ৮ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া ও ধোপাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।
অভিযানসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধোপাপাড়া বাজারের ‘কৃষি ঘর’ ও সাতবাড়িয়ার ‘আশরাফুল ট্রেডার্স’-এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে সার মজুতের সত্যতা পাওয়ায় ওই দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে উদ্ধার করা ৮ বস্তা টিএসপি সার তৎক্ষণাৎ সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের মাঝে বিক্রি করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষা, সারের কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধ মজুতদারি প্রতিরোধে প্রশাসনের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।



