ফ্যামিলি কার্ডের কথা বলে অপকর্ম করছে একটি চক্র: সরোয়ার আলমগীর

ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা বলে একটি চক্র অপকর্মে জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। এ কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তার দাবি, দেশে ‘ইনসাফ বিক্রির’ সঙ্গে জড়িত ব্যক্তিরাও এসব অপকর্মে যুক্ত।
শনিবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরোয়ার আলমগীর বলেন, বিএনপি সরকারের ঘোষিত ৩১ দফা কর্মসূচির অন্যতম প্রধান উদ্যোগ ফ্যামিলি কার্ড। উন্নত বিশ্বের সামাজিক সুরক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত এ কর্মসূচির তাৎপর্য অনেক।
তিনি আরও বলেন, উন্নত বিশ্বের বিভিন্ন দেশে জন্মের পর থেকেই নাগরিকদের সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় আনার ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে জীবনের বিভিন্ন পর্যায়ে মৌলিক অধিকার ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হয়। প্রধানমন্ত্রী সেই মডেল বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছেন।
ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সরোয়ার আলমগীর বলেন, কোনোভাবেই যেন প্রতারক চক্র তাদের বিভ্রান্ত করতে না পারে। এ ধরনের উদ্যোগকে বিতর্কিত করার অপচেষ্টা প্রতিহত করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হোসাইন মুহাম্মদ এমরান। বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য্য। এ সময় বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ও মনসুর চৌধুরী এবং যুবদলের সেক্রেটারি মোজাহারুল ইকবাল লাভলু উপস্থিত ছিলেন।
