মোহনাকে দেখতে হাসপাতালে বাণিজ্য উপদেষ্টা, খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নির্যাতিত শিশু মোহনা (১১)। তার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস টেলিফোনে মোহনার শারীরিক অবস্থার খোঁজ নেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাসপাতালে উপস্থিত হয়ে মোহনার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন উপদেষ্টা।
শিশুটির চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন। এ সময় তিনি শিশুটির বাবাকে চাকরি প্রদানের আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিমানের এমডি ড. হুমায়রা সুলতানা, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম।
উল্লেখ্য, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাফিকুর রহমান এবং তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে ঢাকার উত্তরার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, স্ত্রীসহ সাফিকুর রহমান ও বাড়ির দুই গৃহকর্মীর বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা। ওই মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৭-৮ মাস ধরে ১১ বছর বয়সী ওই গৃহকর্মী তাদের বাড়িতে কর্মরত ছিলেন। এ সময় শিশুটির ওপর অনেক অমানুষিক নির্যাতন চালানো হয়।