logo

আখতারুজ্জামান জামায়াতের নেতা নয়, সহযোগী সদস্য: আজহারুল ইসলাম

আখতারুজ্জামান জামায়াতের নেতা নয়, সহযোগী সদস্য: আজহারুল ইসলাম
সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। শনিবার দুপুরে জামায়াতে ইসলামীর রংপুর জেলা ও মহানগর কার্যালয়ে। ছবি: এশিয়া পোস্ট

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতের নেতা নয়, তিনি সহযোগী সদস্য।

শনিবার (৩ অক্টোবর) দুপুর একটায় জামায়াতে ইসলামীর রংপুর জেলা ও মহানগর কার্যালয়ে রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম বলেন, আপনারা যারা টকশো করেন, তারা বলেন জামায়াতে গেলে নেতা হওয়া যায় না। আমরা দেখতে পেলাম আক্তারকে জামায়াতের নেতা বানিয়ে দেওয়া হয়েছে। কারণ তার দলকে বিভ্রান্ত করার জন্য। তিনি আমাদের সহযোগী সদস্য, সবেমাত্র প্রাথমিক সদস্য হয়েছেন। এরপর আমরা কর্মী বলি। এরপরে সদস্য বলি। তারপরে জামায়াতের নেতা হয়। নেতা হওয়ার প্রশ্ন আসে না, আখতার একজন সাধারণ সদস্য।

এ সময় আজহারুল ইসলাম রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরামের আহ্বায়ক হিসেবে ১৩ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন; মধ্যপাড়া কঠিন শিলা (হার্ড রক) দ্বিতীয় প্রকল্প দ্রুত বাস্তবায়ন; সৈয়দপুর বিমান বন্দরকে আধুনিকায়ন; দ্বিতীয় যমুনা সেতু দ্রুত বাস্তবায়ন; রংপুর বিভাগের অবকাঠামো উন্নয়ন; রংপুর বিভাগের সকল উপজেলায় মহিলা কলেজকে সরকারিকরণ; রংপুর বিভাগের সব জেলায় নারীদের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; রংপুর বিভাগীয় শহরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন; রংপুর বিভাগে গ্যাস লাইন সংযোগ এবং সরবরাহ; রংপুর বিভাগে ট্রেন যোগাযোগ আধুনিকায়ণ এবং ট্রেন সংখ্যা বৃদ্ধি; কৃষি ভিত্তিক শিল্প কারখানা স্থাপন; রংপুর বিভাগের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়ণ ও রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ; রংপুর বিভাগের সব জেলা শহরকে জাতীয় মহাসড়ক নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর আমীর এটিএম আজম খান, রংপুর সদর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর -৫ মিঠাপুকুর আসনের সংসদ সদস্য গোলাম রব্বানীসহ রংপুর বিভাগের জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত ১৪ জন সংসদ সদস্য।