logo

মেঘনার তীরে জলবিলাসসহ দুই হোটেলের কার্যক্রম বন্ধের নির্দেশ

মেঘনার তীরে জলবিলাসসহ দুই হোটেলের কার্যক্রম বন্ধের নির্দেশ
চাঁদপুর মতলব উত্তরে মেঘনার তীরে জলবিলাস। ছবি : এশিয়া পোস্ট

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা ‘জলবিলাস’ নামে একটি রেস্তোরাঁ ও নির্মাণাধীন আরেকটি হোটেলের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান এবং পরিদর্শক শরমিতা আহমেদ লিয়াসহ অন্যান্য কর্মকর্তা।

পরিদর্শনকালে ‘জলবিলাস’ ও নির্মাণাধীন ‘হাওয়া বদল’ নামক অপর হোটেলের মালিকপক্ষের সঙ্গে কথা বলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, নদীর তীরে অবৈধ হোটেল চালু ও নতুন স্থাপনা নির্মাণের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি তাদের নজরে আসে। হোটেল দুটির মালিকপক্ষ পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেয়নি। যদিও তারা জমিটি নিজস্ব সম্পত্তি বলে দাবি করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় উপজেলা ও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা হোটেল দুটির মালিককে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।

এর আগে, গত ২৪ আগস্ট মেঘনা নদীর তীর ও সরকারি জায়গা দখল করে হোটেল নির্মাণের বিষয়ে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দেন চাঁদপুরের মতলব আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ। একই সঙ্গে ওই এলাকায় নির্মিত স্থাপনার সংখ্যা, নির্মাণকাজে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছিল কি না—তা তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়।